সময়পত্র ডেস্ক: থেকে প্রায় ২ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আগামী সেপ্টেম্বর থেকেই শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাশাপাশি বিনা খরচে আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে দেশটি।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়ার পাশাপাশি সড়ক নির্মাণে মালয়েশিয়ার প্রযুক্তি ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, সড়ক টেকসই করতে মালয়েশিয়ায় রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহার করা হয়। বাংলাদেশেও সড়ক নির্মাণে এই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া।
এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতেও বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া বলে জানান তিনি।
এদিকে রাজধানীর প্রধান সড়কে রিকশা চলাচল করতে পারবে না বলেও জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে আইন হয়েছে এবং শিগগিরই বিধিমালা চূড়ান্ত করা হবে।
রাজধানীতে চলাচলের জন্য দুই ও চার সিটের ই-রিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। তবে ছয় সিটের ই-রিকশা ঢাকায় চলাচল করতে পারবে না এবং এগুলো নিবন্ধনের আওতায়ও আনা হবে না। এসব ই-রিকশা রাজধানীর বাইরে বিভিন্ন শহরাঞ্চলে নিবন্ধনের সুযোগ পাবে।

