ভুক্তভোগী প্রকৌশলী মানিক বিশ্বাস ওই এলাকার মৃত সুধির কুমার বিশ্বাসের ছেলে। তিনি ঢাকায় বসবাস করলেও নড়াইলের বাড়িতে থাকেন তাঁর বড় ভাই সমর কুমার বিশ্বাস। পারিবারিক অনুষ্ঠানের কারণে বাড়িতে আত্মীয়স্বজনের সমাগম থাকায় সেখানে বিপুল পরিমাণ স্বর্ণালংকার রাখা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে জানালার গ্রিল কেটে মুখোশ পরা ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের জিম্মি করে তারা লুটপাট চালায়।
এ সময় ডাকাতরা প্রায় ৩০ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং একটি দামি ক্যামেরা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানা পুলিশ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

