সময়পত্র ডেস্ক: পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে এই বোর্ড গঠন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ব্রিফিংয়ে শ্রমমন্ত্রী বলেন, রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার জানানো হয়েছিল। তা সত্ত্বেও একটি মহল শ্রমিকদের রাস্তায় নামিয়েছে।
তিনি জানান, গঠিত মজুরি বোর্ড যত দ্রুত সম্ভব পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ ও ঘোষণা করবে। বোর্ড গঠনের দাবি পূরণ হওয়ায় শ্রমিকদের সড়ক ছেড়ে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
শ্রমিকদের আন্দোলনের পেছনে বাইরের কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে বলেও মন্তব্য করেন শ্রমমন্ত্রী। তাঁর ভাষ্য, ডিসেম্বরকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে চেষ্টা চলছে, শ্রমিকদের রাস্তায় নামার ঘটনার সঙ্গে তার যোগসূত্র থাকতে পারে।
ছয় সদস্যের মজুরি বোর্ডে যারা রয়েছেন
মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। বোর্ডের অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার।
এর আগে, গত শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে তিনি রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন।

