সময়পত্র ডেস্ক: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শ্রমিকদের আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এ সময় কোনাবাড়ী এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
রোববার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা, সফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরিস্থিতির কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।
পুলিশ জানায়, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে নেমে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা।
এদিকে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

