সময়পত্র ডেস্ক: খুলনা নগরীতে শহীদুল শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে নগরীর লবণচরা থানার দরগা কাশেমিয়া মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে দরগা কাশেমিয়া মসজিদসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিলেন শহীদুল শেখ। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহীদুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ। তবে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের দাবি, নিহত শহীদুল শেখের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট আটটি মামলা রয়েছে।

