সময়পত্র ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমা অনেকটা নিষিদ্ধের মতো—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করতে গিয়ে তিনি বিষয়টি নিয়ে সংসদে কথা বলেছেন। তার দাবি, ব্রাহ্মণবাড়িয়ায় একটি কনসার্ট বন্ধের ঘটনাকে গণমাধ্যমে যেভাবে উপস্থাপন করা হয়েছে, বাস্তব চিত্র ছিল ভিন্ন।
তিনি জানান, গভীর রাতে উচ্চ শব্দে মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটলে শিক্ষার্থীরা শব্দ কমানোর অনুরোধ করেন। এ নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং পরে পুলিশের লাঠিপেটায় কয়েকজন শিক্ষার্থী আহত হন। তার দাবি, শিক্ষার্থীরা কনসার্ট বন্ধ করেননি, শুধু শব্দ কমাতে বলেছিলেন।
হাসনাত বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কার্যক্রম নিষিদ্ধ নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এ বিষয়ে ভুল বার্তা যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
নৌকাবাইচের প্রসঙ্গেও নিজের তথ্যগত ভুল স্বীকার করেন তিনি। সিলেটের জায়গায় ভুল করে ব্রাহ্মণবাড়িয়ার নাম বলেছিলেন জানিয়ে এ কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, মূল ঘটনা ও গণমাধ্যমে বিষয়টির উপস্থাপনা নিয়ে সংসদে বিস্তারিত বলা উচিত ছিল। তবে সম্পূরক প্রশ্নের সময় সীমিত থাকায় তা সম্ভব হয়নি।
হাসনাত আরও বলেন, জুলাইয়ের আদর্শকে ধারণ করে তিনি ও তার দল এমন একটি বাংলাদেশ চান, যেখানে সব মানুষের সমান অধিকার নিশ্চিত হবে এবং কেউ অন্যের ওপর নিজের মত বা দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে পারবে না।
তার ভাষ্য, বাংলাদেশ সব ধর্ম ও মতের মানুষের। প্রত্যেকে নিজের পছন্দ অনুযায়ী সাংস্কৃতিক বা সামাজিক কর্মকাণ্ডে অংশ নেবেন। তবে কেউ যেন অন্যের অধিকার ক্ষুণ্ন করতে না পারে, তা সরকারকে নিশ্চিত করতে হবে।

