সময়পত্র ডেস্ক: বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে নৌ পুলিশ।
গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় নিজের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের দাবি, বন্ধু দীপের ডাকে সাড়া দিয়েই বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে দীপ গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা দেখা দেওয়ায় তারা একটি ওয়ার্কশপে যান। মোটরসাইকেল মেরামত শেষে একসঙ্গে খাবার খেয়ে তারা আলাদা হয়ে যান।
তবে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দীপকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে নম্বরপ্লেটবিহীন তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন এলাকায় গিয়েছিলেন। সেখানে কয়েকজন তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
শুক্রবার রাতে পিবিআই দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। হত্যা মামলা দায়েরের আগেই নৌ পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছিল। পাশাপাশি পিবিআইও ছায়া তদন্তে নামে।

