সময়পত্র ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এ বছর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শিক্ষামন্ত্রীর ফল ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হয়েছে।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
তবে এ বছর রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার অভিযোগে আন্দোলনের ঘটনাও ঘটেছিল।

