সময়পত্র ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এ জন্য আগের মতো এক বছর অপেক্ষা করতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এ বছর এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাদের শিক্ষাজীবনের একটি বছর যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যেই দ্রুত পুনরায় পরীক্ষা নেওয়ার উদ্যোগ করা হয়েছে। শিগগিরই এসব শিক্ষার্থী আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে।
গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
এবার পরীক্ষায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার অভিযোগে আন্দোলনের ঘটনাও ঘটেছিল।

