সময়পত্র ডেস্ক: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হয়েছে বিশেষ ‘পিংক বাস’ সেবা। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ের বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাসসহ মোট ১৪টি বাস ১৩টি রুটে চলাচল করবে।
তিনি বলেন, ভবিষ্যতে পিংক বাসের রুট ও সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নারী যাত্রীরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে এই বাসে চলাচল করতে পারেন, সে পরিবেশ আরও উন্নত করা হবে।
প্রাথমিকভাবে ঢাকার নতুনবাজার–মতিঝিল, তালতলা–মতিঝিল, ডেমরা–জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২–মতিঝিল, মোহাম্মদপুর–মতিঝিল এবং আব্দুল্লাহপুর–মতিঝিলসহ বিভিন্ন রুটে পিংক বাস চলবে। এছাড়া গাজীপুর–বিমানবন্দর রুটেও এ সেবা পাওয়া যাবে।
বিআরটিসির এই উদ্যোগের লক্ষ্য নারীদের গণপরিবহনে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

