ডেস্ক রিপোর্ট:
ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং চলমান নির্বাচনী প্রচারণার বিষয়টি বিবেচনায় নিয়ে করদাতাদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জারি করা এক বিশেষ আদেশে এনবিআর জানায়, ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দাখিল করা যাবে।
এর আগে আয়কর রিটার্ন জমার শেষ সময় ছিল ৩০ নভেম্বর। পরে তা বাড়িয়ে প্রথমে ৩১ ডিসেম্বর, এরপর ৩১ জানুয়ারি করা হয়। সর্বশেষ এই বিশেষ আদেশের মাধ্যমে তৃতীয় দফায় আরও এক মাস সময় বাড়ানো হলো।
এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ধারী রয়েছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এ পর্যন্ত প্রায় ৩৪ লাখ টিআইএনধারী আয়কর রিটার্ন জমা দিয়েছেন।
উল্লেখ্য, কিছু নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া এবার প্রায় সবাইকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

