আন্তর্জাতিক বাজারে সোনার দাম নতুন রেকর্ড গড়েছে। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের মূল্য ৫ হাজার মার্কিন ডলার অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপ ও কানাডাসহ একাধিক ঘনিষ্ঠ মিত্র দেশের সম্পর্ক
টানাপোড়েনের মুখে পড়ায় বৈশ্বিক অনিশ্চয়তা বেড়েছে, যার ফলে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের প্রথম ২৬ দিনের মধ্যেই সোনার দাম প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০২৫ সালে স্বর্ণের দাম বছরে ৬৫ শতাংশ বেড়ে ১৯৭৯ সালের পর সর্বোচ্চ প্রবৃদ্ধির রেকর্ড গড়েছিল।
২০২৬ সালে সোনার এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সিদ্ধান্ত বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এসব সিদ্ধান্তের মধ্যে ছিল গ্রিনল্যান্ড দখল ইস্যুতে ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি (পরবর্তীতে প্রত্যাহার), ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে সামরিক পদক্ষেপের উদ্যোগ এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত।
এছাড়া মার্কিন ডলারের মান কমে যাওয়া, প্রত্যাশার তুলনায় উচ্চ মূল্যস্ফীতি এবং চলতি বছরে ফেডারেল রিজার্ভ সুদের হার আরও কমাতে পারে—এমন আশঙ্কাও সোনার চাহিদা বাড়িয়েছে। রোববার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টা ১৪ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৫৮ ডলারে পৌঁছায়।

