ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বহনকারী একটি হেলিকপ্টার নিউ ইয়র্কের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে। তার সঙ্গে ছিলেন স্ত্রীও। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাদের নেওয়া হয় ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)-এর কার্যালয়ে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (৪ জানুয়ারি) নিউ ইয়র্ক সিটিতে মোট তিনটি হেলিকপ্টার অবতরণ করে। এর একটি হেলিকপ্টারেই ছিলেন আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী।
হেলিকপ্টারগুলো ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নামার পর কঠোর নিরাপত্তার মধ্যে মাদুরোকে গাড়িবহরযোগে ডিইএ’র সদরদফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক গ্রেফতার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
পরবর্তীতে তাকে স্থানান্তর করা হয় ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি)। যুক্তরাষ্ট্রের এই কারাগারটি কুখ্যাত হিসেবে পরিচিত। এর আগে এখানে বন্দি ছিলেন র্যাপার আর কেলি, জেফ্রি এপস্টাইনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল এবং সম্প্রতি শন ‘ডিডি’ কম্বস।
মার্কিন আদালতের নথি অনুযায়ী, আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্র-সংক্রান্ত মামলায় আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

