নিজস্ব প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবনের দায়ে মো. জুয়েল (৩৮) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে অনুমোদনহীনভাবে চামড়ার বর্জ্য দিয়ে পোল্ট্রিফিড ও ফিশফিড উৎপাদন এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া টায়ার পুড়িয়ে জ্বালানি তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ধল্লাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়েলকে মাদকসেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

এরপর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়ায় অভিযান চালানো হয়। সেখানে চামড়ার বর্জ্য ব্যবহার করে অনুমোদন ছাড়াই পোল্ট্রিফিড ও ফিশফিড উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া একই এলাকায় টায়ার পুড়িয়ে পরিবেশ ছাড়পত্র ছাড়াই জ্বালানি তৈরির অভিযোগে অপর একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সিংগাইর উপজেলার সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির বলেন, মাদক, পরিবেশদূষণ, অনুমোদনহীন উৎপাদনসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

