সময়পত্র ডেস্ক: ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৩১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অত্যাধুনিক পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার, যা ব্রিটিশ মুদ্রায় প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড। এ ক্রয়ের সম্পূর্ণ অর্থায়ন করবে ইউরোপ ও কানাডায় অবস্থিত ইউক্রেনের মিত্র দেশগুলো।
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে ইউক্রেন। এ কারণে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার যুক্তরাষ্ট্রের প্রতি এসব ক্ষেপণাস্ত্রের সরবরাহ দ্রুত করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, প্রস্তাবিত এই বিক্রয় ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একটি অংশীদার দেশের নিরাপত্তা জোরদার করবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
এ ছাড়া ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেন সাপোর্ট লোনের আওতায় জাম্পস্টার্ট কর্মসূচি এবং জাতীয় তহবিল ব্যবহার করে এই ক্রয়ের অর্থ পরিশোধ করবে। এ ক্ষেত্রে কানাডা, জার্মানি ও নরওয়ের অনুদানও কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে।

