সময়পত্র ডেস্ক: দেশ সংকটে পড়লে সেই সংকট থেকে উত্তরণের জন্য দেশের মানুষ বিএনপির ওপর দায়িত্ব দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেছেন, বিএনপির মধ্যে বিশৃঙ্খলা তৈরি হলে এর সুযোগ নেবে ‘গুপ্ত ও পলাতক বাহিনী’।
রোববার দিবাগত রাত ১টার দিকে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপির দায়িত্ব হলো সংকটের সময় দেশ ও দেশের মানুষকে বিপদ থেকে উদ্ধারে নেতৃত্ব দেওয়া। কোনো দল না থাকলে পদ-পদবিরও মূল্য থাকে না। একইভাবে শৃঙ্খলা ছাড়া কোনো সংগঠনই সামনে এগিয়ে যেতে পারে না।
বক্তব্যে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। একই সঙ্গে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সভায় লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুলসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলার পাঁচ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

