সময়পত্র ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৬১টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ৫৬, মিরপুরে ১৪০, গুলশানে ৫৯, উত্তরা বিভাগে ৫৭ এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১টি ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। একই সময়ে একটি পিকআপ, একটি প্রাইভেটকার ও পাঁচটি মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।
অভিযানে ১৩টি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার টাকা, ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপারসহ বিভিন্ন সামগ্রী এবং দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

