সময়পত্র ডেস্ক: ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা আরও অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি পণ্যবাহী ট্রাক লালপোল এলাকায় পৌঁছে হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা শ্যামলী পরিবহনের দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে বাসের অন্তত ১১ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক পুরুষ যাত্রীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুটি রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

