নেপাল-চীন সীমান্তে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেশি-বিদেশি অনেক পর্যটক এখনও নিখোঁজ থাকায় উদ্বেগ বাড়ছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারের সম্ভাবনাও কমছে।
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত মোট ১৮৪ জন বিদেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জন ভারতীয় নাগরিক। এছাড়া দক্ষিণ কোরিয়ার ২০ জন এবং চীনের ২৭ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া অন্যদের মধ্যে জার্মানির ৪ জন, ইতালির ৩ জন, মাল্টার ৪ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, রাশিয়ার ২ জন, সুইজারল্যান্ডের ২ জন এবং তুরস্কের ২ জন রয়েছেন। এছাড়া বুলগেরিয়া, ওমান ও পর্তুগাল থেকে একজন করে পর্যটককে উদ্ধার করা হয়েছে।
তবে এখনও ৪২০ জন পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বেলজিয়াম ও স্পেন থেকে আসা পর্যটকদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।
বন্যায় কতজন নেপালি নাগরিক ক্ষতিগ্রস্ত বা নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে।
সূত্র: বিবিসি

