সময়পত্র ডেস্ক: জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন ওই এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক হিসেবে মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাছ ধরার জন্য নদীতে যান আনোয়ার হোসেন। দুপুরের দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি স্থানীয়রা তার পরিবারের সদস্যদের জানান।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

