সময়পত্র ডেস্ক: সারা দেশে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে সহায়তাকারীদের সর্বোচ্চ ২ লাখ টাকা থেকে সর্বনিম্ন ১০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। ভারী অস্ত্রের তথ্যের জন্য ২ লাখ এবং হালকা অস্ত্রের তথ্যের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। অস্ত্র উদ্ধারে সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, সারা দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থ এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে না পারা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের প্রযুক্তিগত সহায়তা বাড়ানোসহ বিভিন্ন প্রয়োজনের কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

