সময়পত্র ডেস্ক: বঙ্গোপসাগরের গভীরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে ‘এফভি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় বোটটি ১২ জন জেলেকে নিয়ে সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে।
পরবর্তীতে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক জেলে বোটের মালিককে ফোন করে বিষয়টি জানান। পরে বোট মালিক কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন দুবলার সদস্যরা গভীর সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে বিকল বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। বর্তমানে বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

