সময়পত্র ডেস্ক: রংপুর মহানগরীর হারাগাছে আবু সিদ্দিক (৩৮) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে হারাগাছের চর মিলনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু সিদ্দিক পেশায় রাজমিস্ত্রি। তিনি ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারি এলাকার বাসিন্দা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। হারাগাছ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, ধারালো অস্ত্র দিয়ে আবু সিদ্দিকের গলা ও মাথায় কোপানো হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

