ক্রিড়া ডেস্ক: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্র্যান্ডন কিং, যিনি খেলেন ৮১ রানের ইনিংস।
শনিবার (৩১ অক্টোবর) ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই জেডেন ওয়ারিক্যানের বলে ২২ রান করে আউট হন জাকির আলী অনিক। এরপর ৮ রান করে একই বোলারের শিকার হয়ে সাজঘরে ফেরেন হাসান মাহমুদ।
এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান নাঈম হাসান। ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিলেও শেষ পর্যন্ত ৫২ রানে থামতে হয় এই স্পিনারকে। ফলে দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলাররা প্রত্যাশিত প্রতিরোধ গড়তে পারেননি। বিশেষ করে দলের তিন স্পিনারকে সামলাতে কোনো সমস্যায় পড়েননি ক্যারিবীয় ব্যাটাররা। দুই ওপেনার ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১১২ রান।
৪৯ রান করে শরিফুল ইসলামের বলে ক্যাম্পবেল আউট হলে ভাঙে এই জুটি। এরপর মাত্র ১ রান করে ফিরে যান ত্যাগনারায়ন চন্দরপল। তবে ব্র্যান্ডন কিং ও কাভেম হজের অর্ধশত রানের জুটি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। শেষ পর্যন্ত মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৭২ রান। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ২৪৫ রানে। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের সুযোগ নিয়ে শেষ পর্যন্ত ম্যাচে ৮ উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা।

