সময়পত্র ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকালে দামুড়হুদা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলী উপজেলার চিৎলা গ্রামের বাবলু রহমানের ছেলে।
আহতরা হলেন—দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট ফিরোজ হোসেন (৩২), চুয়াডাঙ্গা সদরের সিনেমা হলপাড়ার জনি আহমেদ (৪২) ও মন্দিরপাড়ার নিষ্কলঙ্ক (৪০)।
পুলিশ জানায়, সকালে শাহীন আলী মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে দামুড়হুদা বাজারের দিকে যাচ্ছিলেন। ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে শাহীন আলী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত তিনজনকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

