সময়পত্র ডেস্ক: রংপুরে বাড়ির ছাদে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীকে প্রথমে হত্যা করা হয়। পরে ঘটনা জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কায় তার স্ত্রী ও দুই সন্তানকেও হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মুগ্ধ দাস ও সিদ্ধার্থকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
পুলিশ কমিশনার জানান, গণপতি চক্রবর্তীর বাসার ছাদে দুই যুবক মাদক সেবন করছিলেন। এ সময় বাধা দেওয়ায় গামছা দিয়ে শ্বাসরোধ করে প্রথমে তাকে হত্যা করা হয়। এরপর হত্যাকাণ্ডের বিষয়টি যাতে প্রকাশ না পায় এবং কেউ তাদের শনাক্ত করতে না পারে, সেজন্য পরিবারের অন্য সদস্যদেরও হত্যা করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তীকে হত্যার সময় তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী শব্দ শুনে ওপরের দিকে আসার চেষ্টা করেন। সিঁড়িতে আসার পর অভিযুক্তরা তার গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে। পরে মায়ের চিৎকার শুনে ২৫ বছর বয়সী মেয়ে প্রার্থি চক্রবর্তী এগিয়ে এলে তাকেও শ্বাসরোধে হত্যা করা হয়।
পুলিশ কমিশনার বলেন, আসামিদের জবানবন্দি অনুযায়ী, প্রার্থি চক্রবর্তীর মৃত্যু হতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে। এরপর তারা নিচতলায় গিয়ে রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র প্রিয়মকে গলায় কাপড় পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করে।
পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের পরও অভিযুক্তরা ওই বাড়িতে অবস্থান করে। সকালে তারা সেখানে গোসল করে এবং ডাইনিং টেবিলে থাকা খেজুর খায়। পরে তাদের কাছে থাকা ইয়াবা সেখানেই সেবন করে। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের আলামতও উদ্ধার করা হয়েছে।
এদিকে নিহতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গণপতি চক্রবর্তী বা তার পরিবারের কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। নিহত প্রীতিলতা চক্রবর্তীর বোন পূজা জানান, পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে না পেরে রাতে স্বামীকে নিয়ে ওই বাড়িতে যান তিনি। সেখানে প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পান। পরে পাশের বাসার ভেতর দিয়ে বাড়িতে প্রবেশ করে ঘরের সবকিছু এলোমেলো দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
পরে বাড়ির বিভিন্ন স্থান থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের দুই সন্তান—প্রার্থি চক্রবর্তী ও প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয়। প্রার্থি চক্রবর্তী মাস্টার্স পাস ছিলেন। আর প্রিয়ম রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

