ক্রিড়া ডেস্ক: মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারল না ইন্টার মায়ামি। টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকল লিওনেল মেসির দল।
রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে মিয়ামির ন্যু স্টেডিয়ামে ‘ইউনিসেফ নাইট’-এর ম্যাচে টরন্টো এফসির মুখোমুখি হয় ইন্টার মায়ামি।
চোট কাটিয়ে এই ম্যাচে একাদশে ফিরেছিলেন জার্মান বেরতেরামে। তবে তার ফেরায় মিয়ামির ছন্দহীন আক্রমণভাগে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে শারীরিক লড়াই ও ফাউলের প্রবণতা ছিল। প্রথমার্ধে টরন্টো কিছুটা চাপ সৃষ্টি করলেও সেরা সুযোগটি পেয়েছিল মিয়ামি। গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে মরিয়া হয়ে ওঠে মিয়ামি। বেরতেরামের একটি প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় টরন্টো।
মিয়ামির ডিফেন্স বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে চমৎকার এক বাঁ পায়ের শটে টরন্টোকে এগিয়ে দেন জোশ সার্জেন্ট। কিছুক্ষণ পর ডেইন সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন ডেরিক এতিয়েন জুনিয়র।
৮০ মিনিট পর্যন্ত অন-টার্গেটে মাত্র একটি শট নেওয়া মিয়ামির হয়ে শেষ দিকে জ্বলে ওঠেন লিওনেল মেসি। রদ্রিগো ডি পলের দারুণ এক থ্রু পাস থেকে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান ২-১ করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা।
মেসির গোলে স্টেডিয়ামে প্রাণ ফিরলেও যোগ করা ৮ মিনিটে একের পর এক আক্রমণ করেও সমতাসূচক গোল পায়নি মিয়ামি। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে তারা।
এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকল ইন্টার মায়ামি। এই পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে দলটি। এ সময়ে প্রতি ম্যাচে গড়ে ২ দশমিক ৪ গোল হজম করেছে মিয়ামি।
আগামী ২৯ আগস্ট সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি।

