সময়পত্র ডেস্ক: ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। তাই দেশটির সঙ্গে কার্যকর সম্পর্ক থাকবে। তবে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
ভারত সফরের বিষয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ নিশ্চিত করে সঠিক সময়েই সফর হবে। এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। আগামীকালও যদি জাতীয় স্বার্থের ভিত্তিতে ঐকমত্যে পৌঁছানো যায়, তাহলে আগামী সপ্তাহে কিংবা তার পরের সপ্তাহেও সফর হতে পারে।
শেখ হাসিনার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি ভারতে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া চলছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই তাকে ফেরত আনার বিষয়টি নতুন কোনো সিদ্ধান্ত নয়; এটি চলমান একটি বিষয়।
তিনি আরও বলেন, ভারতে আরও অনেক অপরাধী পালিয়ে রয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনা বাংলাদেশের মানুষের স্বাভাবিক দাবি। এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী পর্যায়ের সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ ধরনের সফর হুট করে করা যায় না। দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হয়। তাই সফরের আগে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হবে।

