সময়পত্র ডেস্ক: স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া রাষ্ট্র নির্মাণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে জঞ্জাল ছড়ানো সাংবাদিকতাকে মূলধারা থেকে আলাদা করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীতে সংবাদ সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধিদের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের বেতন কাঠামো সম্মানজনক পর্যায়ে নির্ধারণ করা না হলে কোনো জ্ঞান ও দক্ষতাই তাদের ভালো থাকার সুযোগ তৈরি করতে পারবে না। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, গণমাধ্যম থেকে জঞ্জাল যুক্ত সাংবাদিকদের সরাতে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাংবাদিকদের বেতন, বোনাস ও চাকরির নিরাপত্তার দায়িত্ব গণমাধ্যম মালিকদের নিতে হবে।
অনুষ্ঠানে গণমাধ্যম পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য নিয়েও কথা বলেন। তারা দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

