সময়পত্র ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদ হারিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান অনুযায়ী তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।
শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) অপরাহ্ণে বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার দায়িত্ব গ্রহণের তারিখ থেকেই আসনটি শূন্য হয়েছে।
এদিকে, শূন্য হওয়া আসনটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। আসনটিতে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন।
প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়েও পাঠানো হয়েছে।

