সময়পত্র ডেস্ক: খাগড়াছড়িতে মেঘ বিস্ফোরণের কারণে কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে চেঙ্গী ও মাইনী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে।
স্থানীয়রা জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা বৃষ্টির কারণে দীঘিনালা-কবাখালী সড়কের বিভিন্ন অংশ পানিতে ডুবে যায়। নদীর পানি উপচে মুসলিম পাড়া, বটতলী, ইসলামপুরসহ বেশ কয়েকটি নিচু এলাকা তলিয়ে যায়। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, ভারী বৃষ্টির কারণে দীঘিনালার ৮ মাইল এলাকায় পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে মাটি সরিয়ে নিলে যান চলাচল আবারও স্বাভাবিক হয়।

