ক্রীড়া ডেস্ক: নতুন মৌসুম শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে প্রস্তুতি সারল বার্সেলোনা। জন গাম্পার ট্রফির ফাইনালে মিশরের ক্লাব আল আহলিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে কাতালান জায়ান্টরা।
ম্যাচে রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও ফেরমিন লোপেজদের নিয়ে শক্তিশালী একাদশ মাঠে নামান বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আল আহলির রক্ষণে একের পর এক আক্রমণ চালায় বার্সা।
২৯তম মিনিটে ১৮ বছর বয়সী তরুণ স্ট্রাইকার হামজা মোহাম্মদ কারিমের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৪৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সেলোনার হয়ে বদলি হিসেবে মাঠে নামেন নতুন সাইনিং অ্যান্টনি গর্ডন। তবে ৫২তম মিনিটে আহমেদ মোস্তফার গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় আল আহলি।
এরপর দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে জন গাম্পার ট্রফি নিজেদের করে নেয় বার্সেলোনা।

