সময়পত্র ডেস্ক: রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট অব্যাহত রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে সামান্য গ্যাস। কোথাও আবার স্বল্পচাপের কারণে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা।
সপ্তাহের শেষ কর্মদিবসে গ্যাস সংকটে নগরবাসীর দুর্ভোগ আরও বেড়েছে। ভোররাত থেকেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে চালকদের। দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেকে প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। আবার গ্যাসের চাপ কম থাকা ও সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর বেশ কয়েকটি স্টেশন কার্যক্রম বন্ধ রেখেছে।
গ্যাস সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকেরা। সিএনজিচালিত অটোরিকশা ও রাইড-শেয়ারিংয়ের সঙ্গে যুক্ত চালকদের অনেকেই বলছেন, সময়মতো গ্যাস না পাওয়ায় তারা নির্ধারিত সময়ে যাত্রী পরিবহন করতে পারছেন না। এতে তাদের দৈনিক আয়ও উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে।
এদিকে পাইপলাইনে পর্যাপ্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) না থাকায় এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে বুধবার (১৯ আগস্ট) দুপুর ৩টা থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চলমান গ্যাস সংকট আরও তীব্র হয়েছে।
গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা ও পরিবহন খাতে ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

