সময়পত্র ডেস্ক: ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা অঙ্গরাজ্যে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) ভোরে স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক হঠাৎ বিপরীত লেনে ঢুকে পড়লে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে অধিকাংশ যাত্রী বাসের ভেতরেই মারা যান। দুর্ঘটনায় ট্রাকচালকেরও ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত বাসটি ইম্বিতুভা পৌর স্বাস্থ্য বিভাগের মালিকানাধীন ছিল। সাধারণ রোগীদের উন্নত চিকিৎসার জন্য পারানা অঙ্গরাজ্যের রাজধানী কুরিতিবার বিভিন্ন হাসপাতালে নেওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চালাতে সংশ্লিষ্ট মহাসড়কে সাময়িকভাবে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করে ইম্বিতুভা শহরে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্থানীয় পৌর প্রশাসন।

