মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে নিরাপত্তা ঝুঁকির মধ্যেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) টানা চার সেশন বাড়ার পর দিনের শুরুর লেনদেনে তেলের দামে সামান্য ওঠানামা দেখা গেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, অক্টোবর ডেলিভারির জন্য আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ২৫ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের সেপ্টেম্বর ডেলিভারি চুক্তির দাম ব্যারেলপ্রতি ২ সেন্ট কমে ৮৫ দশমিক ৮১ ডলারে নেমেছে। তবে বাজারে বেশি সক্রিয় অক্টোবর ডেলিভারির ডব্লিউটিআই চুক্তির দাম ১৪ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৫৩ ডলারে লেনদেন হয়েছে।
এর আগে বুধবার পর্যন্ত টানা চার সেশন ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় বেঞ্চমার্কের দাম বেড়েছিল। এতে গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় জ্বালানি তেলের দাম।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা তেলের বাজারে অনিশ্চয়তা তৈরি করছে। বিনিয়োগকারীরা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখায় সাম্প্রতিক সময়ে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ দেখা যাচ্ছে।

