ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। তার বিশ্বাস, সঠিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন অব্যাহত থাকলে একদিন বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নেবে বাংলাদেশ।
সোমবার (১৭ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ক্যানিজিয়া। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের ভাবনার কথা জানান আর্জেন্টাইন এই কিংবদন্তি।
বাংলাদেশের দলে হামজা চৌধুরীর মতো খেলোয়াড় থাকাকে বড় সম্পদ হিসেবে দেখছেন ক্যানিজিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকা একজন ফুটবলার জাতীয় দলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন তিনি।
ক্যানিজিয়ার মতে, ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলার অভিজ্ঞতা একজন ফুটবলারের দক্ষতা ও মানসিকতা উন্নত করে। একই সঙ্গে দেশের খেলোয়াড়দের বিদেশের বিভিন্ন লিগে খেলার সুযোগ তৈরি করা জরুরি। আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো ফুটবল শক্তিগুলোও দীর্ঘদিন ধরে বিদেশে খেলোয়াড় পাঠানোর মাধ্যমে নিজেদের দলকে শক্তিশালী করেছে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে ক্যানিজিয়া বলেন, বিশ্বকাপে জায়গা করে নেওয়া সহজ নয়। তবে গত এক-দুই দশকে বিশ্বের অনেক দেশ ফুটবলে উল্লেখযোগ্য উন্নতি করেছে। বাংলাদেশও পরিকল্পিতভাবে এগোলে সেই তালিকায় যুক্ত হতে পারে।
এ জন্য সরকারের সহযোগিতা, উন্নত কোচিং ব্যবস্থা, খেলোয়াড় তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ফুটবলারদের মানসিক দৃঢ়তার ওপর গুরুত্ব দেন তিনি। ভবিষ্যতে বিশ্বকাপে দলের সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করেন ক্যানিজিয়া, যা বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করতে পারে।
এদিকে ম্যারাডোনা ও মেসির সঙ্গে তুলনা প্রসঙ্গেও নিজের মত জানিয়েছেন সাবেক এই ফরোয়ার্ড। তার মতে, পেলে, দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি—ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা তিন খেলোয়াড়ের মধ্যে অন্যতম। তাদের দুজন আর্জেন্টিনার হওয়াকে নিজের জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
সবশেষে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে আশার বার্তা দিয়ে ক্যানিজিয়া বলেন, বাংলাদেশ একদিন বিশ্বকাপের মঞ্চে খেলবে—এমন বিশ্বাস তার রয়েছে।

