সময়পত্র ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকার দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।
সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে সূর্যাস্ত এবং বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে সূর্যোদয় হবে।

