ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনায় ওমান কোনো ধরনের বাধা সৃষ্টি করলে দেশটিতে ভয়াবহ হামলা চালানো হতে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কাজ করছে ওমান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি কয়েক মাস ধরে কার্যত অচল থাকায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে ব্যাপক চাপ তৈরি হয়েছে।
ফক্স নিউজের প্রতিবেদক ট্রে ইয়িংস্টের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, ওমান যদি যুক্তরাষ্ট্রের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে দেশটির বিরুদ্ধে ভয়াবহ বোমা হামলা চালানো হবে। তবে ‘বাধা সৃষ্টি’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি।
এর আগে সোমবার ইরানের কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, জাহাজ চলাচলের পথ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। বাকি বিষয়গুলো চূড়ান্ত করার পর যৌথ বিবৃতি দেওয়া হবে বলেও জানান তিনি।
হরমুজ প্রণালির দক্ষিণ অংশে অবস্থিত ওমান শুরু থেকেই ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথা বলে আসছে। একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশটি।
হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়ে থাকে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর তেহরান নৌপথটির চলাচল অনেকটাই সীমিত করে দেয়।
ফলে হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি চালু করা এখন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ওমানকে ঘিরে ট্রাম্পের এমন হুমকি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।
সূত্র: বিবিসি

