সময়পত্র ডেস্ক: গাজা সংঘাতের অবসান ও মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তির পথ খুঁজতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনার।
সোমবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েল সফরের আগে মিসরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নেন কুশনার।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ওই আলোচনায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর, হামাসের অস্ত্র সমর্পণ, উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং জরুরি মানবিক সহায়তা প্রবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এরপর ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে এসব বিষয়েই বিস্তারিত আলোচনা করবেন কুশনার বলে ধারণা করা হচ্ছে।
গাজা সংকট নিরসনে গত মাসে ট্রাম্প প্রশাসন ১৫ দফা একটি শান্তি পরিকল্পনা সামনে আনে। তবে প্রস্তাবটির বিষয়ে শুরুতে আপত্তি জানিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
বর্তমানে সেই অচলাবস্থা দূর করে নতুন সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। কুশনারের ধারাবাহিক বৈঠককে সেই কূটনৈতিক প্রচেষ্টারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

