সময়পত্র ডেস্ক: দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান এবং রণতরীর ভেতরের পরিবেশ নিয়ে নানা উদ্বেগের মধ্যেও ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের মানসিক দৃঢ়তা ও সহনশীলতার প্রশংসা করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কুপার জানান, সম্প্রতি ইউএসএস আব্রাহাম লিংকন পরিদর্শন করে তিনি নাবিকদের কর্মদক্ষতা ও মানসিক দৃঢ়তায় মুগ্ধ হয়েছেন। জাহাজটির দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে মানসিক স্বাস্থ্য ও জীবনযাত্রার মান নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার মধ্যেই নাবিকদের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করেন তিনি।
তবে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের বক্তব্য এর বিপরীত। তাদের দাবি, ইউএসএস লিংকন টানা ২০০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে না থেমে সমুদ্রে অবস্থান করেছে, যা আধুনিক সময়ে একটি বিমানবাহী রণতরীর জন্য নজিরবিহীন দীর্ঘ মোতায়েন। নাবিকদের পরিবারের পক্ষ থেকেও দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এসব অভিযোগের জবাবে কুপার বলেন, মার্কিন নৌবাহিনীর সক্রিয় ১১টি বিমানবাহী রণতরীর মধ্যে ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার হার সবচেয়ে কম। একই সঙ্গে নাবিকদের মানসিক সুস্থতা ও দৃঢ়তাকে গুরুত্ব দেওয়ার জন্য জাহাজটির নেতৃত্বের প্রশংসা করেন তিনি।
ইউএসএস আব্রাহাম লিংকন গত নভেম্বরে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো ঘাঁটি থেকে যাত্রা শুরু করে। পরে ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানে সহায়তার জন্য রণতরীটিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়। এতে প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্য রয়েছেন।
এদিকে, রণতরীটির দীর্ঘমেয়াদি মোতায়েন এবং অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ চলতি সপ্তাহে ‘বাস্তবতার সম্পূর্ণ ভুল উপস্থাপন’ বলে মন্তব্য করেছেন।
এরপর শুক্রবার (১৪ আগস্ট) একই অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিংকনের দীর্ঘ সময়ের মোতায়েন নিয়ে ওঠা উদ্বেগকে নাকচ করে তিনি দাবি করেন, রণতরীটির বর্তমান মোতায়েনের সময়কাল ‘মোটেও দীর্ঘ নয়’।

