সময়পত্র ডেস্ক: সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজের ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রোববার (১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার ‘এমভি আলফাডাঙ্গা প্রাইড’ নামের একটি বাণিজ্যিক জাহাজ ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসে। পরে দুপুরের দিকে সুন্দরবনের শাকবাড়িয়া নদীর পাশে আংটিহারা এলাকায় জাহাজটি অবস্থান করছিল। এ সময় হঠাৎ এক ক্রু নদীতে পড়ে যান।
ঘটনাটি কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি নিয়মিত টহল দলের নজরে আসে। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান সদস্যরা। একপর্যায়ে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিরাপদে তার জাহাজে ফিরিয়ে দেওয়া হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

