সময়পত্র ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলার চাপাতলা মাজার এলাকার কাছে এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প থেকে চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।
খবর পেয়ে মহেশপুর বিজিবির কুসুমপুর বিওপির টহল দল সীমান্তের শূন্যরেখার কাছে তাদের আটকে দেয়। পুশইনের শিকার চারজনের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। বিষয়টি বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের কমান্ডারকে জানানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকানোর পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

