সময়পত্র ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, নোয়াখালী থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জিপের সঙ্গে সংঘর্ষ হয়। জিপটি ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল।
সংঘর্ষের তীব্রতায় জিপটি দুমড়েমুচড়ে যায়। এতে জিপে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসাধীন অবস্থায় শাহেদ, রফিক, জিয়াবুল ও জসিম নামে চারজনের মৃত্যু হয়। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

