সময়পত্র ডেস্ক: রাজধানীতে আবারও ভয়াবহ আকার ধারণ করেছে গ্যাস সংকট। সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপ নেমে গেছে সর্বনিম্ন পর্যায়ে। এতে একদিকে সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ অপেক্ষা, অন্যদিকে বাসাবাড়িতে রান্নার কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। অনেক স্টেশনে গ্যাস না থাকায় ‘গ্যাস নেই’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।
চালক ও পরিবহন মালিকদের অভিযোগ, ভোর থেকে লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। কোনো কোনো চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মাত্র ২০ থেকে ৫০ টাকার গ্যাস নিতে পারছেন। ফলে সময় ও অর্থ—দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়ছেন তারা।
শুধু সিএনজি স্টেশনেই নয়, রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতেও সংকটের প্রভাব পড়েছে। দিনের দীর্ঘ সময় গ্যাসের চাপ এতটাই কম থাকছে যে অনেক বাসায় চুলা জ্বললেও রান্না করা সম্ভব হচ্ছে না। আবার কিছু এলাকায় একেবারেই গ্যাস সরবরাহ না পাওয়ার অভিযোগ করেছেন বাসিন্দারা।
হঠাৎ করে সরবরাহ কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। গ্যাসের ওপর নির্ভরশীল যানবাহন ও বাসাবাড়ির পাশাপাশি এর প্রভাব পড়ছে নগরজীবনের স্বাভাবিক কার্যক্রমেও।

