সময়পত্র ডেস্ক: আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডে (ইজিএমও) পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা ও অর্জনের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
পদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। পাশাপাশি দেশে গণিতচর্চা ও অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকারি সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাক্ষাতে বাংলাদেশ গার্লস ম্যাথমেটিকস ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম সম্প্রসারণে সরকারি সহায়তা চাওয়া হয়। স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের জন্য একটি তহবিল গঠনের প্রস্তাবেও সম্মতি দেন প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ তহবিলে অর্থায়নের কথা জানান তিনি।
এ ছাড়া স্কুলে ‘অ্যাক্টিভিটি-ওরিয়েন্টেড ম্যাথমেটিকস’ চালু এবং শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ে পৃথক পরীক্ষা নেওয়ার প্রস্তাবও আলোচনায় আসে। শিক্ষকদের দক্ষতা যাচাইয়ের পরীক্ষাটি আইইএলটিএসের আদলে করার প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশে গণিতের চর্চা বাড়ানো এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল নিশ্চিত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
সাক্ষাতে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কোচ ও আয়োজকরা এবং আইএমও ও ইজিএমওতে পদকজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

