সময়পত্র ডেস্ক: 0বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান ও চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
তার ছোট ভাই তৌফিকুল ইসলাম জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন রফিকুল ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুমা বিমানবাহিনীর শাহি জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিমানবাহিনীর গোরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। পাকিস্তান বিমানবাহিনীর সারগোদা কলেজে পড়াশোনা শেষে ১৯৭১ সালে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক জীবনের সূচনা হয়।
দীর্ঘ সামরিক ক্যারিয়ারে তিনি এনডিইউ ও পিএসসি ডিগ্রি অর্জন করেন। দক্ষতা ও নেতৃত্বের গুণে একপর্যায়ে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব পান। ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৮ এপ্রিল পর্যন্ত তিনি বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০২ সালে সামরিক চাকরি থেকে অবসর নেন।
অবসরের পর রাজনীতিতে যুক্ত হন রফিকুল ইসলাম। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

