সময়পত্র ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ। তবে সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অভ্যন্তরীণ কর্মসূচির পাশাপাশি সময়-সুযোগ বিবেচনায় প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন।
শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান অনেক সমস্যার সমাধান সম্ভব। এ ক্ষেত্রে ভারতেরও সুযোগটি ইতিবাচকভাবে কাজে লাগানো উচিত।
তিনি জানান, ভারত ছাড়াও জাপানসহ অন্যান্য দেশে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করেই সফরের সময়সূচি চূড়ান্ত করা হবে।
এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশটিতে জনশক্তি রফতানি বাড়ানোর বিষয়ে সরকারি পর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

