সময়পত্র ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সুযোগ এবং ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এক্সিলারেট এনার্জির চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন। তার সঙ্গে রয়েছেন ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সভাপতি অতুল কেশপ।
এ ছাড়া বৈঠকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, নিশা দেশাইসহ বিভিন্ন কূটনীতিক ও বিজনেস কাউন্সিলের সদস্যরা উপস্থিত রয়েছেন।
এর আগে বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা।
ইউএস চেম্বার অব কমার্সের গুরুত্বপূর্ণ একটি উইং হিসেবে কাজ করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে সংগঠনটি কাজ করে থাকে।

