সময়পত্র ডেস্ক: সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে নগরীর একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে এক মিস্ত্রি ওই বাসায় কাজের জন্য গিয়ে দরজায় ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে পাশের ভবন থেকে ওই বাসার বারান্দায় রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছায়।
পরে পুলিশ বাসার দরজা খুলে ভেতরে তিনজনের মরদেহ দেখতে পায়। ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসার আলমারি ও ড্রয়ার খোলা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ডাকাতি ও পারিবারিক বিরোধ—দুই বিষয় সামনে রেখে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

