ক্রীড়া ডেস্ক: খেলোয়াড় সংকটের কারণে ইংল্যান্ড সফরে শেষ মুহূর্তে একটি প্রীতি ম্যাচ বাতিল করেছে FC Barcelona। সোমবার (৩ আগস্ট) ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ক্লাব প্রেস্টনের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল।
ইংল্যান্ডের সেন্ট জর্জ পার্কে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে চোট ও অন্যান্য কারণে বার্সেলোনার মূল দলের পর্যাপ্ত সংখ্যক খেলোয়াড় না থাকায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে।
অন্যদিকে, খেলোয়াড় সংকট সামাল দিতে প্রেস্টন তাদের রিজার্ভ দলের ফুটবলারদের মাঠে নামানোর প্রস্তুতি নিয়েছিল। শেষ পর্যন্ত ম্যাচটি আয়োজন না করার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা।
ফলে ইংল্যান্ড সফরের শেষদিকে আর কোনো ম্যাচ খেলতে হচ্ছে না হান্সি ফ্লিকের দলকে। দেশে ফেরার আগে এখন কেবল একটি অনুশীলন সেশন করার কথা রয়েছে বার্সেলোনার।
এর আগে সফরের প্রথম প্রীতি ম্যাচে বার্মিংহামের বিপক্ষে মাঠে নেমেছিল কাতালান ক্লাবটি। নির্ধারিত সময়ে ম্যাচটি সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে হারের মুখ দেখে বার্সেলোনা।

